রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক মঞ্চে •

পাঁচ সিনেমার লড়াই শেষে অস্কারের জন্য নির্বাচিত "রইদ"।


মেজবাউর রহমান সুমন পরিচালিত "রইদ" ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে। পাঁচটি সিনেমার মধ্য থেকে বাছাই করা ছবিটিতে উঠে এসেছে প্রেম, নীরবতা ও মানবজীবনের গল্প। এখন অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার অপেক্ষায় সিনেমাটি।

২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ 

পাঁচ সিনেমার লড়াই শেষে অস্কারের জন্য নির্বাচিত "রইদ"।
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা "রইদ"। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে ছবিটিকে নির্বাচন করা হয়েছে। রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

এবার অস্কারে বাংলাদেশের হয়ে লড়াইয়ের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। ছবিগুলো হলো নূরুল আলম আতিকের "মানুষের বাগান", মেজবাউর রহমান সুমনের "রইদ", রেদওয়ান রনির "দম", মোহাম্মদ তাওকীর ইসলামের "দেলুপি" এবং মনিরুল আকাশ হকের "দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল"। প্রাথমিক যাচাই বাছাইয়ের পর চারটি সিনেমা চূড়ান্ত বিবেচনায় রাখা হয়। সেখান থেকেই বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য "রইদ" কে বেছে নেওয়া হয়েছে।

নির্বাচনের খবর প্রকাশের পর নিজের অনুভূতি জানিয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, দেশের গল্প ও সংস্কৃতিকে কেন্দ্র করেই "রইদ" এর নির্মাণ। তার মতে, সিনেমাকে শুধু বিনোদন বা ব্যবসার জায়গা থেকে দেখার পাশাপাশি এর নান্দনিক ও চিন্তাশীল দিকও গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেই দর্শকদের ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

অস্কারে বাংলাদেশের সিনেমার অংশগ্রহণ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সুমন আরও জানান, গত কয়েক বছরে দেশের বেশ কিছু মানসম্পন্ন চলচ্চিত্র আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। তার দৃষ্টিতে, এটি দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক একটি ধারাবাহিকতা এবং ভবিষ্যতে এর সুফল আরও বিস্তৃতভাবে পাওয়া যেতে পারে।

"রইদ" সিনেমার গল্প আবর্তিত হয়েছে সাধু ও তার স্ত্রী পাগলিকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে প্রেম, নীরবতা ও মানবজীবনের গভীর অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গল্পের আবহে রয়েছে এই অঞ্চলের সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের নানা অনুষঙ্গ।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান। ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

অস্কারের জন্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অভিনেত্রী নাজিফা তুষি ও আনন্দ প্রকাশ করেছেন। তার মতে, "রইদ" এর এই আন্তর্জাতিক যাত্রা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করতে পারে।

তবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন এখনো বাকি। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে "রইদ" প্রাথমিক পর্যায়ের দৌড়ে অংশ নেবে। এরপর অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতেই "রইদ" নির্বাচন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গনে "রইদ" এর এই যাত্রা এখন নতুন প্রত্যাশা তৈরি করেছে। দেশের দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা তাকিয়ে আছেন অস্কারের পরবর্তী ধাপের দিকে।